ক্যাম্পাস

আবু সাঈদ হত্যার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার এখনো শুরু না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্য ও সহপাঠীরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকে আয়োজিত এক মানববন্ধনে এ ক্ষোভ প্রকাশ করেন তারা।

এ সময় শহীদ আবু সাঈদ বড় ভাই আবু সুবহান বলেন, জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার এখনো আলোর মুখ দেখেনি। পুলিশের তৎকালীন ওসি ইমরান এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকা সত্ত্বেও তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। চার্জশিটে তার নাম যুক্ত করা হয়নি। তাকে কী কারণে বাদ দেওয়া হলো?

তিনি বলেন, শহীদ আবু সাঈদের সহযোদ্ধারা এর আগেও ন্যায়বিচারের দাবিতে অনেক মানববন্ধন করেছেন, কিন্তু এখনো কোনো রায় পাওয়া যায়নি। আমরা চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের (আইসিটি) মাধ্যমে দ্রুত এই মামলার রায় প্রদান ও কার্যকর করা হোক।

শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, আমরা আবু সাঈদ হত্যা মামলার বিচারের ক্ষেত্রে কোনো দীর্ঘসূত্রতা চাই না। আবু সাঈদের সহযোদ্ধা ও সহপাঠীরা চাতক পাখির মতো এই বিচারের প্রতীক্ষায় আছে। আপনারা জানেন, এই মামলার কয়েকজন পুলিশ সদস্যকে আদালত অব্যাহতি দিয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

রহমত আলী নামের এক শিক্ষার্থী বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের ওপর নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। অথচ এতো দিন পার হওয়ার পরও তার বিচারের দাবিতে আমাদের রাজপথে দাঁড়াতে হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক।

তিনি বলেন, আবু সাঈদদের রক্তের ওপর দাঁড়িয়েই অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু আমাদের প্রধান দাবি ছিল আবু সাঈদের বিচার, যা এখনো সম্পন্ন হয়নি। আমরা অতি দ্রুত এই বিচার প্রক্রিয়ার সমাপ্তি চাই।

মানববন্ধনে শহীদ আবু সাঈদের সহপাঠী এবং তার ভাই ও বোনসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মো. আজিজুর রহমান/কেএইচকে/এএসএম